নিজস্ব সংবাদদাতা :
লক্ষ্মীপুরে কিশোর গ্যাং ও বখাটেদের দৌরাত্ম্য ঠেকাতে একযোগে অভিযানে নেমেছে জেলা পুলিশ। পাঁচ ঘণ্টার বিশেষ অভিযানে ২৪৪ জনকে আটক করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত জেলার ৬টি থানা এলাকায় এই অভিযান চলে। সদর, চন্দ্রগঞ্জ, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর থানার বিভিন্ন স্পটে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে অভিযান চালায়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে উত্ত্যক্ত, মারামারি ও আধিপত্য বিস্তারসহ নানা অভিযোগ আসছিল কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই এই সাঁড়াশি অভিযান। আটককৃতদের বয়স ১৪ থেকে ১৮ বছরের মধ্যে।
থানা ভিত্তিক আটকের সংখ্যা:
লক্ষ্মীপুর সদর - ৪২ জন, চন্দ্রগঞ্জ - ২১ জন, রায়পুর - ৪৪ জন, রামগঞ্জ - ৩৭ জন, রামগতি - ৪৪ জন ও কমলনগর - ৫৬ জন।
রায়পুর থানার ওসি মো. নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, আটকদের যাচাই-বাছাই চলছে। অপরাধে সম্পৃক্ততা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিশোর অপরাধ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দেশ বাংলা টিভি ডেক্স